
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।
নিজের পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরিকল্পনা তার ছিল না বলে উল্লেখ করেন।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টরের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হন বলে জানান।
পোস্টে তিনি লেখেন, তিনি নিজেকে একজন সাধারণ শিক্ষক এবং সাধারণ মানুষ হিসেবে দেখেন। এত বড় দায়িত্ব সাধারণত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকরা পান বলে তিনি মনে করেন।
সাবেক প্রক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, গত দুই বছরে তিনি ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পরিস্থিতি মোকাবিলার বিষয়ে অনেক কিছু শিখেছেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে তিনি অভূতপূর্ব অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে মোকাবিলা করতে হয়নি।
নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, তাদের সঙ্গে কাজ করা তার জন্য সম্মানের বিষয় ছিল।
তিনি আরও বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত টিমকে তিনি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
Leave a Reply