ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে (Philippines) আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প (earthquake) আঘাত হানে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটির পর এখন পর্যন্ত অন্তত ১৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এগুলোর মাত্রা রিখটার স্কেলে ১ দশমিক ৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়ছে।
জেনারেল সান্তোস সিটির পুলিশ কর্মকর্তা মাস্টারসার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ভবন ধসে পড়ায় সেখানে জরুরি উদ্ধারকাজ চলছে।
পরিস্থিতি বিবেচনায় ফিলিপাইন রেড ক্রস দেশজুড়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে উদ্ধার অভিযান শুরু করেছে।
ফিলিপাইনের এই শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার (Indonesia) তিনটি উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ শনাক্ত করা হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিএমকেজি জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের কেডি, উলু সিয়াউ এবং মেলোঙ্গুয়ানে এলাকায় সুনামি ঢেউ আঘাত হানে। তবে এই ঢেউগুলোর উচ্চতা ছিল জোয়ারের চেয়ে ০ দশমিক ০৯ মিটার থেকে ০ দশমিক ১৯ মিটার পর্যন্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে ফিলিপাইনের এই ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি (Tsunami) নিয়ে সতর্কবার্তা জারি করেছে জাপান সরকার। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী প্রদেশগুলোতে এক মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
এই আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।