
দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই হবে আইনের প্রকৃত রক্ষক।
সোমবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সরকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায়। কেউ যেন সাম্প্রদায়িকতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে এবং এ নিয়ে কোনো ধরনের সংশয় থাকার কারণ নেই।
তিনি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, পুলিশের সমস্যার সমাধান করতে সরকার আন্তরিক, তবে অতীতের অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে ঋণের বোঝা বেড়েছে, তাই সব ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের প্রয়োজন রয়েছে।
তারেক রহমান আরও বলেন, মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে। তবে তিনি অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রকৃত খরচের তুলনায় চারগুণ বেশি ব্যয় দেখানো হয়েছে, যার বোঝা জনগণের ওপর পড়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, পুলিশিং এখন শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলাই পুলিশের মূল দায়িত্ব।
Leave a Reply