
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দিনের আলোয় দেখতে পাওয়া সেই চাঁদের ছবিও ধারণ করা হয়েছে। খবর গালফ নিউজের।
আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে নতুন চাঁদের ছবি ধারণ করে। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার সংশ্লিষ্ট।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে ৭.৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং তখন চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহঅর্ধচন্দ্রটির ছবিটি তুলেছিলেন। তাকে সহায়তা করেছিলেন মানমন্দির দলের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম এবং আনাস মোহাম্মদ।
এদিকে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে।
অন্যদিকে প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।
এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানায়, সোমবার (১৮ মে) তুরস্কে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই দেশটি জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে এই তারিখ ঘোষণা করেছে।
Leave a Reply