
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ঐতিহাসিক সাফল্যের পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
তিনি বলেছেন, ‘গত চার বছর ধরে আর্জেন্টিনাই বিশ্বের সেরা দল এবং তাদের অর্জন কোনো ভাগ্য বা উপহারের ফল নয়, বরং কঠোর পরিশ্রমেরই প্রতিফলন।’
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর আবারও একটি বিশ্বকাপের ফাইনালে ওঠা… গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা, কেউ সেটা পছন্দ করুক বা না-ই করুক, কিংবা যাই বলুক না কেন। আজ আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটি, আর সেটাই প্রমাণ করে যে আমরা যা কিছু অর্জন করেছি, তা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি অর্জন, যা খুব কম দলই করতে পারে, আর এই দল সেটিই করে দেখিয়েছে।’
এই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক স্পষ্টভাবেই দলের সমালোচকদের জবাব দেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা আধুনিক ফুটবলে অত্যন্ত বিরল এক কীর্তি, যা তাদের ধারাবাহিক শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।
Leave a Reply