1. admin@thedailypadma.com : admin :
মারিওপোল এখন মৃতপুরী; শতভাগ স্থাপনা বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত, ২০ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

মারিওপোল এখন মৃতপুরী; শতভাগ স্থাপনা বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত, ২০ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২০৯ Time View

যুদ্ধবিধ্বস্ত বন্দর নগর মারিওপোল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার স্নায়ুর লড়াই তুঙ্গে। শহরটিতে মাটি কামড়ে পড়ে থাকা ইউক্রেনীয় সেনাদের ‘প্রাণে বাঁচার জন্য’ রাশিয়া আত্মসমর্পণের সময় গতকাল রবিবার পর্যন্ত বেঁধে দিলেও দেশটির নেতারা অনড় মনোভাব দেখিয়ে যাচ্ছেন।

এবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী দানিস শ্মিহাল গতকাল বলেছেন, মারিউপোলের অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনী এখনো লড়াই করছে। তারা আত্মসমর্পণের জন্য রাশিয়ার চরমপত্র মানবে না। শ্মিহাল বলেন, ‘মারিউপোলের পতন ঘটেনি। ’

ইউক্রেনীয় সেনাদের নির্মূল করার হুমকির পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধাদের ‘নির্মূল করা’ হলে তা রাশিয়ার সঙ্গে আলোচনার অবসান ঘটাবে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেন থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তারা মারিওপোল রাশিয়ার সেনাদের কাছে ছেড়ে দেবে।

মারিওপোলের মেয়রের উপদেষ্টা পেত্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, শহরে থাকা বাকি সেনাদের রাশিয়া আত্মসমর্পণ করিডর প্রস্তাব দেওয়া সত্ত্বেও তাদের প্রতিরোধ যোদ্ধারা প্রতিরক্ষা অবস্থান ধরে রেখেছে।

আন্দ্রিউশচেঙ্কো আরো বলেছেন, রাশিয়ার হামলা প্রতিরোধ যোদ্ধাদের শেষ ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানার মধ্যে সীমাবদ্ধ নয়। দখলদাররা ভারী কামান দিয়ে বেসামরিক লোকজনের আবাসিক বাড়িতেও গোলাবর্ষণ করছে।

অন্যদিকে ওডেসার ইউক্রেনীয় এমপি ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, ‘মারিওপোলের ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ‘আমি গতকাল তাদের সঙ্গে কথা বলেছি। আমি জানি তারা শেষ অবধি লড়াই করবে। ’

এর আগে রাশিয়া বলেছিল, মারিওপোলের ইউক্রেনীয় সেনারা রবিবারের মধ্যে অস্ত্র ত্যাগ করলেই শুধু তাদের জীবন রক্ষা পাবে।

শনিবার রাতে পূর্ব ইউক্রেনের এক রুশপন্থী নেতা বলেন, মারিওপোলের পতনের পর আত্মসমর্পণ না করা ইউক্রেনীয় যোদ্ধাদের নির্মূল করা হবে।

এমপি গনচারেঙ্কো বলেন, মারিওপোলে সত্যিকারের গণহত্যা পরিস্থিতি বিদ্যমান। অনুমান করা হয় এখনো প্রায় এক লাখ বেসামরিক নাগরিক শহরটিতে আটকা পড়ে আছে।

ইউক্রেনের সেনারা এক মাসের বেশি সময় ধরে প্রচণ্ড রুশ হামলার মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোল শহরের পতন ঠেকিয়ে গেছে। তবে দীর্ঘ অবরোধের কারণে তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ প্রায় শেষ। এ অবস্থায় রাশিয়ার সেনারা শহরের বিভিন্ন অংশে প্রবেশ করতে শুরু করেছে। রাশিয়া গতকাল দাবি করে, মূল শহর এলাকা তাদের সেনাদের দখলে এবং ইউক্রেনের সেনারা শহরের বিশাল ইস্পাতের কারখানাটিতে অবস্থিত তাদের শেষ ঘাঁটিতে আটকা পড়েছে।

সোভিয়েত আমলে নির্মিত আজভস্তাল ইস্পাত কারখানাটি খুব সুরক্ষিত বলে ইউক্রেনের সেনারা সেখানে অবস্থান নিয়ে রুশ হামলা প্রতিহত করে যাচ্ছিল।

রাশিয়া সোমবার থেকে মারিওপোলে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলেছেন।

টানা এক মাসের বোমা ও গোলাবর্ষণের পর মারিওপোল এখন মৃতপুরী। শহরটির প্রায় শতভাগ স্থাপনা বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত। সেখানে ২০ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে শহরটির মেয়র সম্প্রতি দাবি করেন।

মৃত্যুর সংখ্যার পাল্টাপাল্টি দাবি
ইউক্রেন সংঘাত অষ্টম সপ্তাহের কাছাকাছি আসার প্রেক্ষাপটে দুই পক্ষ হতাহতের বিশাল সংখ্যা প্রকাশ করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে বলেছে, ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় ২০ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়া পাল্টা জবাবে বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর ২৩ হাজার ৩৬৭ সেনার ‘অপূরণীয় ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে এতে বলা হয়নি এর মধ্যে আহতরাও আছে কি না।

অন্যান্য স্থানে যুদ্ধ
গত শনিবার রাতে রাশিয়া কিয়েভ অঞ্চলের সামরিক স্থাপনায় নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও গতকাল রাশিয়ার বাহিনীর গোলা আঘাত করে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, খারকিভ শহরে গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়। অন্যদিকে মাইকোলাইভ অঞ্চলের গভর্নর বিবিসিকে বলেছেন, গতকাল সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় লাগাতার রকেট হামলা চালানো হয়েছে।

পোপের শান্তির আহ্বান
খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডের প্রার্থনায় পোপ ফ্রান্সিস ইউক্রেনে শান্তির জন্য জনগণের আবেদন শুনতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মস্কোভার অন্তত একজনের মৃত্যু
রেডিও লিবার্টির ইউক্রেনীয় সার্ভিসের সাংবাদিকরা বলেছেন, তাঁরা রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার সময় অন্তত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে রাশিয়ার কর্তৃপক্ষ কোনো হতাহতের ঘটনা প্রকাশ করেনি। জাহাজটির মিডশিপম্যান ইভান ভাখরুশেভের (৪১) স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।

সীমান্তে ট্রাকের দীর্ঘ সারি
রাশিয়া ও তার মিত্র বেলারুশের গাড়িচালকরা নিষেধাজ্ঞার সময়সীমা মেনে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার চেষ্টা করায় পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শনিবারের সময়সীমা মানতে ট্রাকের সারিটি ৮০ কিমি (৬০ মাইল) পর্যন্ত প্রসারিত হয়। কিছু গাড়িচালক ৩৩ ঘণ্টা পর্যন্ত আটকে ছিলেন। সূত্র : এএফপি, বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews