রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে- শুক্র, শনি ও রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে।
রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থানকালে বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) তিনি মারা যান বলে ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। মৃত্যুর খবর শুনে ক্যাসলের বাইরে ফুল দিয়ে রানিকে শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ।
রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।
Leave a Reply