ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন মানেই বিশেষ আয়োজন। তবে এবার জন্মদিনের সাজসজ্জায় ছিল ভিন্নতা। পুরো আয়োজন সাজানো হয়েছে শিউলি ফুলের আবহে।
আর এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। জন্মদিনে এমন সারপ্রাইজে মুগ্ধ পরীমনি।
তিনি নিজেও দিলেন এক সারপ্রাইজ। নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন পরীমনি। সিনেমার নাম ‘ফারজান’। পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটির শুটিং প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজের বিশেষ এই দিনের প্রথম প্রহর দুই সন্তানকে সঙ্গে নিয়ে উদ্যাপন করেছেন তিনি।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ওই ভিডিওতে দেখা যায়, লাল রঙের একটি খোলা গাউন পরে অত্যন্ত আনন্দের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন পরীমনি।
তার সঙ্গে ছিল দুই সন্তান- ছেলে পূণ্য ও কন্যা প্রিয়ম। হাসিমুখেই কেক কাটতে দেখা যায় তাকে। কেকের ওপর জ্বালানো ছিল মোমবাতি। কেক কাটার সেই সময়ে মাকে ভালোবাসা ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তান। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে এই দুই সন্তানকেই ঘিরে আবর্তিত হচ্ছে তার পুরো পৃথিবী।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে টু মি! এর সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক মাধ্যমে তা প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। শুধু সাজসজ্জায় নয়, নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছিলেন এই অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন তিনি।
পরীমনি বলেন, জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’
সিনেমাটির বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব। আপনারা শিগগিরই বিস্তারিত জানতে পারবেন।’
পরিচালক তারেক রহমানও সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’
Leave a Reply