কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
কানাডিয়ান পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে ও এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগসূত্র রয়েছে।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুজন হলেন গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তারা দুজনই ভারতীয় বংশোদ্ভূত ও ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টা শহরের বাসিন্দা। শহরটিতে তারা পাশাপাশি এলাকায় বসবাস করতেন।
পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) নিহতদের পরিচয় প্রকাশ করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, রেহাল আগে অস্ত্রসংক্রান্ত অপরাধের ঘটনায় তাদের নজরে ছিলেন। অন্যদিকে, সুখজিৎ কৌরের কানাডায় পরিচিতজনদের বিষয়ে পুলিশের কাছে খুব সীমিত তথ্য রয়েছে।
পরিকল্পিত হামলা, জড়িত সংঘবদ্ধ অপরাধচক্র
গত ১৫ নভেম্বর রাতে সারে শহরের একটি ওয়ালমার্টের সামনে গুলির ঘটনা ঘটে। তদন্তকারীরা মনে করছেন, কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার ঘটনাটিও গুলির সঙ্গে সম্পর্কিত।
আইএইচআইটির সার্জেন্ট ফ্রেদা ফং সিবিসি নিউজকে জানান, রাত ১০টা ৫১ মিনিটে কাছাকাছি একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, ওই গাড়িটি গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর ব্যবহৃত গাড়ি ছিল।
বুধবার এক বিবৃতিতে আইএইচআইটি জানায়, তাদের বিশ্বাস, গুলির ঘটনাটি ছিল পরিকল্পিত ও এর সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত।
বিবৃতিতে ফ্রেদা ফং বলেন, এই গুলির ঘটনায় দুটি পরিবার শোকাহত। খুব অল্প বয়সেই দুটি প্রাণ হারানোর ঘটনায় পরিবারগুলোকে গভীর শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
Leave a Reply