1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬ সমকামিতার ভিডিও দিয়ে ইসরায়েলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, চাঞ্চল্যকর সব অভিযোগ আমিরাতের রাজপরিবার নিয়ে দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০

ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলের সামরিক বাহিনী মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার আরও একটি প্রমাণ।

আল–জাজিরার সঙ্গে কথা বলা মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাঁদের গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার ওপর নির্ভর করে, সেগুলো সরবরাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর অনেকে জড়িত। এর মধ্যে গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, এসব প্রযুক্তির কিছু অংশ এমন পশ্চিমা সরকারগুলোর কাছেও রপ্তানি করা হয়েছে, যারা প্রকাশ্যে ইসরায়েল ও দেশটির কর্মকাণ্ডের সমালোচনা করে।

অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, প্যালান্টিরসহ সিলিকন ভ্যালির একাধিক প্রতিষ্ঠানের প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন মানবাধিকারকর্মী, গবেষক ও বিশ্লেষকেরা।

অভিযোগ অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণ, ফোনে আড়িপাতা কথোপকথন বিশ্লেষণ, মুখ শনাক্তকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তথ্য যাচাই এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অবকাঠামো ও সফটওয়্যার ব্যবহার করছে। এসব প্রযুক্তির মাধ্যমে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি আরও বিস্তৃত হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন, প্রযুক্তি বিশ্লেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা প্রযুক্তির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। এমনকি ইসরায়েলের সমালোচনা করা পশ্চিমা সরকারগুলোর কাছেও এসব প্রযুক্তি রপ্তানি হয়েছে।

সামরিক অভিযান ও নজরদারিতে প্রযুক্তি কোম্পানিগুলোর ভূমিকা

২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংক্রান্ত মিশনে’ সহযোগিতার জন্য কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। অন্যদিকে, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহার করে ফিলিস্তিনিদের ফোনে আড়িপাতা বিপুল পরিমাণ কথোপকথন সংরক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রাণঘাতী বিমান হামলার নির্দেশনা দিতে সহায়তা করেছে।

গুগল ও অ্যামাজনও ইসরায়েলি সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় এসব প্রযুক্তি ও ক্লাউড সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ইসরায়েলের অর্থনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে দেশটির অর্থনীতিবিদেরা প্রতিষ্ঠানটির কর পরিশোধকে ইসরায়েলের বাজেট ঘাটতি কমাতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।

ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ৭আমলেহর (7amleh) জালাল আবুখাতের বলেন, ফিলিস্তিনিদের জীবনে নজরদারি এখন প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আপনি পূর্ব জেরুজালেম কিংবা হেবরনে থাকলে আপনার ছবি তোলা হচ্ছে। আমি যখন দৌড়ানোর ট্র্যাকে যাই, তখন চেকপোস্টে কিংবা রাস্তার পাশের ক্যামেরায় অসংখ্যবার আমার ছবি তোলা হয়।

আবুখাতেরের মতে, অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি আসলে খুব সামান্য। কারণ ফিলিস্তিনিদের প্রতিনিয়ত ছবি তোলা হচ্ছে ও এসব ছবি এমন সব ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে, যেগুলো সম্পর্কে তারা জানেন না। কেন এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা নেই।

যুদ্ধের সঙ্গে সিলিকন ভ্যালির ঘনিষ্ঠতা বাড়ছে

সাম্প্রতিক বছরগুলোতে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক অবস্থানে ডানপন্থার দিকে ঝোঁক বাড়ার পাশাপাশি ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থনও বেড়েছে।

বিশেষ করে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে প্যালান্টির দেশটির প্রতি সমর্থন জানাতে দ্বিধা করেনি। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ তার প্রতিবেদনে বলেন, ইসরায়েলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক পুলিশিং প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে প্যালান্টির- এমন বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে।

আলবানিজ আরও বলেন, যথাযথ যাচাই-বাছাই করা হলে প্যালান্টিরের মতো প্রযুক্তি কোম্পানিগুলো অনেক আগেই ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিত।

২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার ইসরায়েলের গাজা হামলায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করে। তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-সহায়ক লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা তৈরি করার অভিযোগও নাকচ করেছে প্রতিষ্ঠানটি।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর যুদ্ধ সংশ্লিষ্টতা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেল বলেছে, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলি সামরিক বাহিনীর এমন একটি ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেখানে আড়িপাতা যোগাযোগ, স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য একত্র করে সামরিক হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হয়।

ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান ও নজরদারিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পৃক্ততার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে প্রজেক্ট নিম্বাস। আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বেড়ে গেলে অ্যামাজন ও গুগল সহায়তা দিতে এগিয়ে আসে।

ইসরায়েলি সামরিক বাহিনীতে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

ইসরায়েলি সামরিক কার্যক্রমে ওপেনএআইয়ের তৈরি এআই মডেল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্টে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর এই মডেল ব্যবহারের পরিমাণ ২০ গুণ বেড়ে যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

তবে ওপেনএআই আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই।

প্রতিষ্ঠানটি জানায়, অ্যাজুরের মাধ্যমে মাইক্রোসফট কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, তা তারা নিয়ন্ত্রণ করে না। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে সেটি জাতীয় নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করার কঠোর প্রক্রিয়া রয়েছে।

মার্কিন প্রযুক্তি কোম্পানিতে ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের উপস্থিতি

যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পর্ক শুধু প্রযুক্তি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসব কোম্পানিতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের একটি তথ্যভান্ডারের কথা উল্লেখ করা হয়। ওই তথ্যভান্ডার অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ সদস্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোতে কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সদস্য। মাইক্রোসফটে প্রায় ২৫০ জন রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। এছাড়া এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলেও তাঁদের অনেকে কাজ করছেন।

প্রযুক্তি কোম্পানিগুলোতে সামরিক গোয়েন্দা সদস্যদের এমন উপস্থিতি সম্ভাব্য স্বার্থের সংঘাত তৈরি করছে বলে উদ্বেগ রয়েছে। বিশেষ করে, মাইক্রোসফটের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছিল যে ইসরায়েলে কর্মরত কিছু কর্মী স্পষ্টভাবে জানতেন না যে ইউনিট ৮২০০ কীভাবে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে।

দ্য গার্ডিয়ান চলতি বছরের শুরুতে জানায়, মাইক্রোসফটের একটি তদন্তে উঠে এসেছে- ইসরায়েলে কর্মরত কিছু কর্মী কোম্পানির প্রতি আনুগত্য ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি আনুগত্যের মধ্যে দ্বন্দ্ব অনুভব করছিলেন।

ফিলিস্তিনের পক্ষে প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন টেক ফর প্যালেস্টাইনের অন্যতম প্রতিষ্ঠাতা পল বিগার বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন স্তরে রয়েছেন।

তিনি বলেন, ইসরায়েলি কর্মীদের প্রায়ই উচ্চপর্যায়ের পদে নিয়োগ দেওয়া হয়। পরে তারা একই ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা পটভূমির লোকজনকে নিয়োগ দেন, যার ফলে কোম্পানির ভেতরে তাদের আগের ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সংস্কৃতি তৈরি হয়।

বিগার আরও বলেন, মনে রাখতে হবে, এরা গোয়েন্দা কর্মকর্তা। তাই তাদের প্রথম লক্ষ্য হলো ইউনিট ৮২০০ থেকে আরও বেশি লোককে নিয়ে আসা, যাতে প্রতিষ্ঠানের ওপর তাদের প্রভাব বাড়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ইসরায়েলি প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়টিও রয়েছে।

নজরদারির ব্যাপ্তি কতটা, জানে না কেউ

প্রজেক্ট নিম্বাসের ১২০ কোটি ডলারের চুক্তির বাইরে ইসরায়েল ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে ব্যবসার মোট পরিমাণ কত, তা নির্দিষ্ট করে জানা কঠিন। তবে অর্থের পরিমাণ যা-ই হোক, ইসরায়েলি সামরিক শক্তি ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা মিলিয়ে বিশ্বের অন্যতম নজরদারির আওতায় থাকা জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন ফিলিস্তিনিরা।

জালাল আবুখাতের বলেন, তিনি ভাগ্যবান যে এখনো নিরাপত্তা বাহিনীর হাতে আটক হননি। তবে তার কাছের মানুষদের আটক করার পর তাদের সামনে পুরো জীবনের গতিবিধি তুলে ধরা হয়েছে। ফোনের অবস্থান শনাক্তকরণ ও নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে কোথায় গেছেন, কতক্ষণ ছিলেন- সব তথ্য দেখানো হয়েছে।

তিনি বলেন, আমরা এর অর্ধেকও জানি না। ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ্যে আসার পর তারা নেদারল্যান্ডসে একটি সার্ভারে থাকা ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের কথা প্রকাশ করেছিল। সেটি তো মাত্র একটি সার্ভার। অন্যরা কী রেখেছে, এসব কোম্পানি কী প্রক্রিয়াজাত করছে, কে জানে?

অভিযোগের জবাবে যা বলছে প্রযুক্তি কোম্পানিগুলো

মাইক্রোসফটের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক মানুষের ওপর ব্যাপক নজরদারি করছে- এমন অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটি তদন্ত করেছে। জুনে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নজরদারি ও জবাবদিহি জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুখপাত্র বলেন, কোনো কর্মী কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে প্রযুক্তি তৈরি বা ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানাতে চাইলে মাইক্রোসফটের ইন্টিগ্রিটি পোর্টালের মাধ্যমে বেনামে অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) এক মুখপাত্র বলেন, তারা গ্রাহকদের গোপনীয়তা সম্মান করেন এবং গ্রাহকের অনুমতি ছাড়া তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেন না। গ্রাহকরা কী ধরনের কাজ বা তথ্য তাদের ক্লাউডে রাখছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির সরাসরি নজরদারি নেই।

তিনি আরও বলেন, গ্রাহকেরা নিয়মিত তাদের কার্যালয়ে এসে আলোচনা ও ব্রিফিং করেন। এসব সফরকে স্বাভাবিক গ্রাহক যোগাযোগের বাইরে অন্য কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার অভিযোগ ভুল ও ভিত্তিহীন।

ওপেনএআইও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, তা ওপেনএআই নিয়ন্ত্রণ করে না। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা জাতীয় নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে কঠোর যাচাই করা হয়।

তবে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলি সামরিক বাহিনী আল জাজিরার মন্তব্য চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews