1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো। প্রথমবার দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি। প্রতি ১০০ জন ধারণক্ষমতার বিপরীতে থাকছেন ২৪৫ জন বন্দি। ধারণক্ষমতার অতিরিক্ত ৬৫ হাজার ৩৪৬ জন বন্দির চাপে কারাগারগুলো হয়ে উঠছে অসহনীয়।

এই বিপুলসংখ্যক বন্দির জন্য নেই স্বাভাবিকভাবে শোয়া, ঘুমানো কিংবা একটু স্বস্তিতে নিশ্বাস নেওয়ার সুযোগ। কোথাও মেঝেতে, কোথাও গাদাগাদি করে রাত কাটাতে হচ্ছে বন্দিদের। দিন-রাত কাটছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রামক রোগের ঝুঁকি ও স্বাস্থ্যসংকট।

পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে বন্দি প্রবেশের অব্যাহত চাপ। কারা অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। বিপরীতে জামিনে মুক্তি পাচ্ছেন কম। কারাগারের মোট বন্দির মধ্যে শুধু মাদক মামলায় আটক আছেন ২২ হাজার ৯৩৫ জন।

এই বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবার চিত্র আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। অর্থাৎ, কারাগারের ভেতরে অসুস্থ হলে চিকিৎসা পাওয়াটাও অনেক বন্দির জন্য বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জরুরি রোগী পরিবহনের সংকট, দেশের ৫৩টি কারাগারে নেই কোনো অ্যাম্বুলেন্স।

কারা অধিদপ্তরের তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলে দেশের কারাগারগুলোর এমন উদ্বেগজনক চিত্র পাওয়া যায়।

ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বেশি বন্দি

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অথচ এসব কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫২৭ এবং নারী ৪ হাজার ৫ জন। হিসাব অনুযায়ী, কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি ৬৫ হাজার ৩৪৬ জন।

কারাবিধিতে কী আছে

কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু অতিরিক্ত বন্দির কারণে অনেক কারাগারে সেই নিয়ম মানা অসম্ভব হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের কারারক্ষী জাগো নিউজকে বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে। একজন বন্দির জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদের। অনেক সময় বন্দিরা মারামারি কিংবা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করলে কারারক্ষীদের বেগ পেতে হয়।

প্রতিদিন বাড়ছে ৩০০ বন্দি

কারাগারের ওপর চাপ কমার পরিবর্তে প্রতিদিনই বাড়ছে বন্দির সংখ্যা। কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। একই সময়ে জামিনে মুক্তি পাচ্ছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ফলে প্রতিদিন গড়ে ৩০০ জন করে বন্দি বাড়ছে। এভাবে বন্দির সংখ্যা বাড়তে থাকলে বিদ্যমান অবকাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারা কর্মকর্তারা বলছেন, বিশেষ আইন প্রয়োগকারী অভিযান, গ্রেফতার বৃদ্ধি ও বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে বন্দির সংখ্যা বাড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতেও গ্রেফতার বেড়েছে।

চিকিৎসক সংকট, রাতে জরুরি সেবা ব্যাহত

কারাগারের সবচেয়ে উদ্বেগজনক সংকটগুলোর একটি চিকিৎসাসেবা। ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। এর বাইরে ৯৭ জন চিকিৎসক বিভিন্ন কারাগারে সাময়িকভাবে সংযুক্ত। তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। বিগত সব সরকারের আমলেই এ চিত্র প্রায় একই রকম ছিল।

কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।-কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান

এ বিষয়ে কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জাগো নিউজকে বলেন, ‘কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।’

চিকিৎসক সংকট সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

৫ বছরে ১ হাজার ৪১৩ বন্দির মৃত্যু

কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে মোট ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০০ জন কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব জাগো নিউজকে বলেন, ‘অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। বুড়িগঙ্গা সেতু ও হানিফ ফ্লাইওভার হয়ে যানজটপূর্ণ এই পথ পাড়ি দিতে ব্যস্ত সময়ে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। জরুরি অবস্থায় এই দীর্ঘ সময় রোগীর জীবনকে সংকটাপন্ন করে তুলতে পারে।

আরও উদ্বেগের বিষয়, দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৫৩টিতে কোনো অ্যাম্বুলেন্স নেই। বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য ডাবল পিকআপ ভ্যান, ভ্যান, রিকশা কিংবা সিএনজি ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে অটোরিকশা ভাড়া করে জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো হয়।

এই সংকট সমাধানে ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

মাদক মামলায় বন্দি প্রায় ২৩ হাজার

কারাগারে বন্দির চাপ বাড়ার পেছনে মাদক মামলার বড় ভূমিকা রয়েছে। বর্তমানে ২২ হাজার ৯৩৫ জন বন্দি মাদক মামলায় আটক। মোট বন্দির প্রায় ২০ দশমিক ৭৫ শতাংশই মাদক মামলার আসামি। এ ছাড়া দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি দুই হাজার ৪৬৮ জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ৬ হাজার ৫৯১ জন।

কারা সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে জানান, কারা কর্মকর্তাদের এসব বন্দির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।

ঢাকা ও চট্টগ্রামে বন্দির চাপ বেশি

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কারাগারগুলোতে বন্দির চাপ সবচেয়ে বেশি। ঢাকা অঞ্চল-১ এ বন্দি ২২ হাজার ৫২০ জন এবং ঢাকা অঞ্চল-২ এ ১৯ হাজার ৫৩৭ জন। দুই অঞ্চল মিলিয়ে ঢাকা অঞ্চলে বন্দির সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ২১ হাজার ২৮৫, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫, খুলনায় ১০ হাজার ৩৮৭, রংপুরে ৭ হাজার ৪৭৩, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫, সিলেটে ৪ হাজার ৬২৪ এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন বন্দি আছেন।

চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি আছেন। একদিনের হিসাব অনুযায়ী আমাদের এখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অথচ কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন।-চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি আছেন। একদিনের হিসাব অনুযায়ী আমাদের এখানে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অথচ কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৭ হাজার ৭৭৫ জন।’

ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন মো. কামাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘বন্দির সংখ্যা বাড়লেও খাবার সরবরাহে কোনো সংকট নেই। বন্দির সংখ্যা বিবেচনায় নিয়ে আগে থেকেই ১০ থেকে ৩০-৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত রেশনের ব্যবস্থা রাখা হয়। প্রয়োজন অনুযায়ী খাবার সংগ্রহ ও সরবরাহ করা হয়।’

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর অভ্যন্তরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া যেসব কারাগারে অবকাঠামো সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেখানে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। কোনো ভবন দুইতলা পর্যন্ত নির্মিত থাকলে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী সেটিকে ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এভাবে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

তবে কারাগারের সংকট শুধু খাবার বা আবাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। অতিরিক্ত বন্দির কারণে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নিরাপত্তা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছেন একাধিক কারারক্ষী।

রাজশাহী বিভাগের কারাগারগুলোতে চিকিৎসক সংকটের কথা স্বীকার করেছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আল মামুন। তিনি জাগো নিউজকে বলেন, ‘বিভাগের সব কারাগারেই চিকিৎসক সংকট রয়েছে। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও বন্দিদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘রাজশাহী বিভাগের কারাগার সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবনাটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে।’

জঙ্গল সলিমপুরে ৬ হাজার ধারণক্ষমতার কারাগারের পরিকল্পনা

বন্দির অতিরিক্ত চাপ সামাল দিতে নতুন কারাগার নির্মাণ ও পুরোনো কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও কাজ চলমান। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের স্থানও পরিদর্শন করা হয়েছে।-কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর

তিনি জাগো নিউজকে বলেন, ‘দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, কোথাও কাজ চলমান। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের স্থানও পরিদর্শন করা হয়েছে।’

কারা উপমহাপরিদর্শক (উন্নয়ন) লে. কর্নেল আসিফ মোহাম্মদ সালেহ জাগো নিউজকে বলেন, ‘নতুন কারাগার নির্মাণের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কাজ চলছে। প্রস্তাবগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে, এসব প্রক্রিয়া শেষে নতুন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হবে।’

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত কারাগার নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে কত বড় কারাগার নির্মাণ করা সম্ভব হবে, তা নির্ভর করছে জেলা প্রশাসন কতটুকু জমি বরাদ্দ দিতে পারবে তার ওপর। জমির পরিমাণ ও অন্য বিষয় নিশ্চিত হওয়ার পর পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার আওতায় কারাগার নির্মাণের পরিকল্পনা করা হবে।’

চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া জাগো নিউজকে বলেন, ‘জঙ্গল সলিমপুরে ছয় হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন একটি কারাগার নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে মাদক মামলার বন্দিদের জন্য দুই হাজার, হাজতিদের জন্য দুই হাজার এবং কয়েদিদের জন্য দুই হাজার আসন রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।’

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা জাগো নিউজকে বলেন, ‘জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। গণপূর্ত অধিদপ্তর ওই এলাকাকেন্দ্রিক একটি মাস্টারপ্ল্যান তৈরি করছে। সেটির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

দেশের কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা-১ শাখা) মো. আমিনুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, ‘কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ১০ থেকে ২০ বা ৩০ শতাংশ বেশি হলে তা কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হয়। তবে এর চেয়ে বেশি হলে অনেক ক্ষেত্রে বন্দিদের আবাসনসংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে।’

দেশে কারাগারের সংখ্যা বাড়ানোর বিষয়ে উপসচিব বলেন, ‘এ বিষয়ে নতুন করে কারাগার স্থাপন বা পুরোনো কারাগার পুনর্বহালের একটি প্রস্তাব প্রক্রিয়াধীন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’

বাড়তি বন্দির চাপে নিয়োগ হচ্ছে কারারক্ষী

কারারক্ষী সংকটের বিষয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি ৫০০ থেকে ৬০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ চলছে। স্বাভাবিক অবসরের কারণে জনবল কমে যাওয়ায় শূন্য পদ পূরণে সামনে আবারও নিয়োগ দেওয়া হবে। কারাগারের জনবল সংকট মোকাবিলায় নিয়োগ কার্যক্রম চলমান থাকবে।’

‘মানবাধিকার লঙ্ঘন’ বলছেন মানবাধিকারকর্মী

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান জাগো নিউজকে বলেন, ‘ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। পর্যাপ্ত জায়গা না থাকায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন, ঘুম ও বিশ্রামের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।’

রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে কারাগারে যান এবং সেখানকার পরিস্থিতি দেখেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় কারাগার সংস্কারে কার্যকর উদ্যোগ নেন না। সরকার পরিবর্তন হলেও কারাগারের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয় না। একজন মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়া মৌলিক অধিকার।-সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান

তিনি বলেন, ‘গাদাগাদি করে থাকার কারণে বন্দিদের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি জায়গার সংকট ও পর্যাপ্ত নজরদারির অভাবে মাদকসহ অবৈধ দ্রব্যের পাচারের ঝুঁকি তৈরি হচ্ছে। এক কারাগার থেকে অন্য কারাগারেও মাদক পাচারের ঘটনা ঘটছে।’

রাজনৈতিক নেতারা কারাগারে গেলেও পরিস্থিতি বদলায় না

এলিনা খান বলেন, ‘রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে কারাগারে যান এবং সেখানকার পরিস্থিতি দেখেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় কারাগার সংস্কারে কার্যকর উদ্যোগ নেন না। সরকার পরিবর্তন হলেও কারাগারের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয় না। একজন মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়া মৌলিক অধিকার। অথচ কারাগারে অতিরিক্ত বন্দির কারণে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারের ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়াতে কার্যকর সংস্কার জরুরি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews