মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি :
‘আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।’ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মাসেতু অতিক্রম করে ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত টেস্টরান কার্যক্রমের শুভ উদ্বোধন কালে এ কথা বলেন রেল মন্ত্রী । মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন ভাঙ্গা রেলস্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দুপুর ১টা ২১ মিনিটে ভাঙ্গা রেলস্টেশন থেকে রেলওয়ের আন্তনগর ট্রেন পদ্মসেতু হয়ে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ট্রেনে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, আব্দুস সোবহান গোলাপ এমপি, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুপ্তা ইয়াসমীন এমিলি এমপি প্রমুখ। বিশেষ ট্রেনটির সাথে একটি ট্র্যাককারও ভাঙ্গা থেকে ছেড়ে যায়।
ভাগ্যাবান চালক রবিউল আলম (৪৩)
যে ট্রেনটি ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটির চালক রবিউল আলম (৪৩)। তিনি বর্তমানে সৈয়দপুরের কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জ শহরে। তার পিতা কাজিবুর রহমান, মা সুরাইয়া বেগম। তিনি ১৯ বছর যাবৎ রেলওয়েতে চাকুরী করেন।
প্রকল্প ম্যানেজারের কথা
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ বলেন, আমরা ৪ মাসের মধ্যে পদ্মাসেতুতে রেল লাইনের কাজ করেছি। কাজের মানের ক্ষেত্রে কোন আপোস করিনি। সরকারের যে কোন বড় উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত থাকা আনন্দের।
এমপি নিক্সন চৌধুরীর কথা
উদ্বোধনের আগে ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সাংবাদিকদের বলেন, পদ্মাসেতুর সাথে ফরিদপুরের যোগাযোগ স্থাপন হওয়ায় এ অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন হবে। পাশাপাশি এ অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস।
Leave a Reply