
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার পথে যাত্রা করেছিল।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বাধীন ৩৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে গত জুন মাসে সরকারপ্রধান হিসেবে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছিলেন।
নিউইয়র্ক সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তারেক রহমান। মূল অধিবেশনের পাশাপাশি তিনি রোহিঙ্গা সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু সংক্রান্ত একাধিক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃভোজেও সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী।
Leave a Reply