1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।

এসব প্রকল্পের মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল-নদী ও জলাশয় খনন, নদীভাঙন রোধ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, সড়ক চার লেনে উন্নীতকরণ এবং সামরিক কর্মকর্তাদের আবাসনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিষয় রয়েছে।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। ২০২৬ থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে। গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং বিভিন্ন এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা। এ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

এ ছাড়া বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ কোটি ৬৬ লাখ টাকা। এ প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬১ কোটি ৪৫ লাখ টাকা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সবচেয়ে বড় প্রকল্প দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি। এ প্রকল্পে ব্যয় হবে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের বিভিন্ন এলাকার খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও কৃষিকাজে সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রকল্পটিতে।

একই মন্ত্রণালয়ের আওতায় জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ব্যয় হবে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষায় নেওয়া প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা। এটি প্রথম পর্যায়ের প্রকল্প।

এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ব্যয় হবে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা। এ প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা।

কৃষি খাতের উন্নয়নে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রথম অংশ বাস্তবায়নে ব্যয় হবে ৬৪৮ কোটি ৫৫ লাখ ১১ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৩৮৩ কোটি ৬৯ লাখ ৩ হাজার টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা। বাকি ৯৮৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

সড়ক যোগাযোগ উন্নয়নে জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ৪৭২ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকা। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক। সার্ভিস লেনসহ এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা। ২০২৬ থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ুস্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ।

এদিকে, পরিকল্পনামন্ত্রীর অনুমোদনে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ুস্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা, জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ।

এ ছাড়া টিস্যু কালচার পরীক্ষাগার ও উদ্যানতত্ত্ব কেন্দ্র স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা এবং রাজশাহী বিভাগের জলবায়ুসহিষ্ণু মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প রয়েছে।

দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পও এ তালিকায় রয়েছে। এ ছাড়া মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্পের বিষয়ে সভায় অবহিত করা হয়।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews