উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিতে এই হামলা চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেনগাজির বন্দরসূত্র জানিয়েছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাতে সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’, যা রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ (বো) পানির ওপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এর আগে বেনগাজি-ভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য বন্দরটিতে নোঙর করেছিল।
এদিকে রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
Leave a Reply