1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ইসরায়েলে সব ভোট গণনা শেষ: সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সব ভোট গণনা শেষে ক্ষমতাসীন বেঞ্জামিন নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। তবে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

শুক্রবার ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করে। ভোটে অংশ নিয়েছেন মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর দল লিকুদ পেয়েছে ২৭টি আসন। গাদি আইজেনকটের দল ইয়াশার পেয়েছে ২১টি আসন। এ ছাড়া বি’ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি, রা’আম ৮টি, ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়নবাদ ৬টি আসন পেয়েছে।

ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি। ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-ধর্মীয় ইহুদিদের জন্য বিকল্প রাজনৈতিক অবস্থানের কথা বলা চারেডি পাবলিক পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ভোট। ফলে এসব দল কোনো আসন পায়নি।

নির্বাচনের আগে বিদায়ী নেসেটে নেতানিয়াহুর জোটের আসন ছিল ৬৮টি। এবার তা কমে ৫৩টিতে দাঁড়িয়েছে।
সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো

আরবদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম—দুটি দল মিলিয়ে পেয়েছে ১৯টি আসন। ইসরায়েলের নির্বাচনী ইতিহাসে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসনসংখ্যা। আগের নেসেটে তাদের আসন ছিল ১০টি।

এই ১৯টি আসন বিরোধী জোটকে সহজেই সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারে। তবে দ্য ডেমোক্র্যাটস ছাড়া বিরোধী জোটের অন্য জায়নবাদী দলগুলো রা’আম বা জয়েন্ট লিস্টের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে।

শুক্রবার ভোরে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগও নাকচ করেছে। ভোটে প্রভাব বিস্তারে কাতারের সম্ভাব্য প্রচারণা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এ অভিযোগ ওঠে।

কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বৃহস্পতিবার বলেছিলেন, দিনভর প্রকাশিত এসব প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। তিনি জানান, তদন্তের কারণে প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া চূড়ান্ত ফলাফলে কোনো পরিবর্তন আসবে না। এ তদন্ত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকেও লক্ষ্য করে করা হচ্ছে না।

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

সরকার গঠনে আলোচনা ও দর-কষাকষি দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই ৬১ আসনের কাছাকাছি না থাকায় জোট গঠনের আলোচনা দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে।

তবে সরকার গঠনের আলোচনা চললেও আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের আরেকটি নির্বাচন এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন, আরেক দফা নির্বাচন এড়াতে সবাইকে খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে।

অন্যদিকে, নেতানিয়াহু ও আইজেনকট—দুজনই পরবর্তী সরকার গঠনের দায়িত্ব নিজেদের নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচন হয়েছে এমন এক সময়, যখন চার বছর আগে শেষ হওয়া তিন বছরের মধ্যে ইসরায়েলকে পাঁচবার নির্বাচনে যেতে হয়েছিল। প্রথম চারটি নির্বাচনেও স্থিতিশীল সরকার গঠন সম্ভব হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews